ঈদ বোনাস পরিশোধ করেছে প্রায় ৯৮ শতাংশ পোশাক কারখানা
ঈদুল ফিতর উপলক্ষে দেশের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকদের বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে। এ ক্ষেত্রে প্রায় ৯৮ শতাংশ কারখানা বোনাস দিয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি।
মঙ্গলবার ১৭ মার্চ সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী এ চিত্র উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে মোট ২ হাজার ১২৭টি চালু পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামে ৩২৭টি কারখানা রয়েছে।
একই সময়ে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা মোট কারখানার প্রায় ৯৯ শতাংশ। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৭৬৭টি এবং চট্টগ্রামে ৩৩৭টি কারখানা রয়েছে।
এ ছাড়া মার্চ মাসের অগ্রিম বেতন দেওয়ার প্রস্তুতি নিয়েছে ৮৭০টি কারখানা, যা মোটের প্রায় ৪১ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৮৪০টি এবং চট্টগ্রামে ৩০টি কারখানা রয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ঈদকে সামনে রেখে শ্রমিকদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে শিল্পখাতে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।