১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ পুলিশ কর্মকর্তা
দীর্ঘ প্রায় দুই দশক পর অবশেষে সরকারি চাকরিতে ফিরতে যাচ্ছেন ৩৩০ জন পুলিশ কর্মকর্তা। পূর্বে বাতিল হওয়া নিয়োগ আদেশ প্রত্যাহার করে তাদের পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার ১৭ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০০৬ সালে নিয়োগের জন্য নির্বাচিত ১২৩ জন সার্জেন্ট এবং ২০৭ জন সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে প্রার্থীদের নিয়োগ ২০০৭ সালে বাতিল করা হয়েছিল। সম্প্রতি সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের পুনরায় চাকরিতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সংশ্লিষ্টরা চাকরিতে যোগ দিতে পারবেন। একই সঙ্গে তাদের জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে সেই তারিখ থেকে, যেদিন তারা মূলত চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল।
তবে এ ক্ষেত্রে অতীত সময়ের জন্য কোনো আর্থিক সুবিধা প্রদান করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
এ ছাড়া পুনর্বহালপ্রাপ্তদের জন্য ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ এবং সর্বোচ্চ দুই বছরের শিক্ষানবিশকাল নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এবং বিদ্যমান বিধি অনুযায়ী গ্রেডেশন তালিকা চূড়ান্ত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।