সংযুক্ত আরব আমিরাতে প্রায় ২ হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
মঙ্গলবার ১৭ মার্চ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমিরাতের দিকে প্রায় দুই হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এসব হামলার প্রধান লক্ষ্য ছিল পরিবহন ও জ্বালানি খাতের অবকাঠামো। সাম্প্রতিক এক হামলায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন লাগার ঘটনা ঘটে, যার কারণে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়।
একই ঘটনায় ফুজাইরাহ বন্দরের একটি গুরুত্বপূর্ণ তেল সংরক্ষণ স্থাপনাতেও আগুন ধরে যায় বলে জানা গেছে।
এদিকে আবুধাবির উপকণ্ঠে একটি গাড়িতে রকেট হামলায় একজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সংঘাতের মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার মুখে পড়েছে, যার ফলে স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়া ফেব্রুয়ারির শেষ দিকে দুবাইয়ের একটি বিলাসবহুল হোটেলেও হামলার ঘটনা ঘটে।
বিশ্লেষকদের মতে, আঞ্চলিক এই উত্তেজনা অব্যাহত থাকলে জ্বালানি ও পরিবহন খাতে আরও বড় ধরনের প্রভাব পড়তে পারে।