ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, পরদিন থেকেই চলবে নিয়মিত সেবা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেট্রোরেল চলাচল নিয়ে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে জানানো হয়েছে, ঈদের দিন ছাড়া অন্যান্য দিন মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে।
মঙ্গলবার ১৭ মার্চ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের দিন শুধুমাত্র একদিনের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এর পরদিন থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিতভাবে ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাব্য তারিখকে কেন্দ্র করে শবে কদরের ছুটিসহ এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি উপভোগ করছেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে ঈদের পর দ্রুত সময়ের মধ্যেই নিয়মিত কার্যক্রম চালু রাখার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে ঈদ পরবর্তী সময়ে নগরবাসীর যাতায়াতে স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।