ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুত কমছে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরাইল
ইরানের সঙ্গে চলমান সংঘাত তৃতীয় সপ্তাহে প্রবেশ করায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর দ্রুত কমে আসছে বলে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরাইল।
মার্কিন সংবাদমাধ্যম সেমাফোরের প্রতিবেদনে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর ইরানের সঙ্গে সংঘর্ষের সময় ব্যাপক হারে ইন্টারসেপ্টর ব্যবহারের ফলে ইসরাইলের প্রতিরক্ষা মজুত আগেই অনেকটা কমে গিয়েছিল। বর্তমানে নতুন করে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ তৈরি করছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান তাদের কিছু ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা প্রযুক্তি ব্যবহার করছে। এর ফলে মাঝ আকাশে সেগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে এবং ইসরাইলের ইন্টারসেপ্টর ব্যবহারের হার দ্রুত বেড়ে যাচ্ছে।
একজন মার্কিন কর্মকর্তা সেমাফোরকে বলেন, এই পরিস্থিতি সম্পর্কে ওয়াশিংটন আগেই ধারণা করেছিল। তবে তিনি জানান, যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিরক্ষা মজুত এখনো পর্যাপ্ত রয়েছে এবং তারা এ ধরনের সংকটে পড়েনি।
বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম দ্রুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ফলে পরিস্থিতি সামাল দিতে নতুন সামরিক সহায়তা প্রয়োজন হতে পারে।
তবে যুক্তরাষ্ট্র ইসরাইলকে নতুন করে অতিরিক্ত ইন্টারসেপ্টর সরবরাহ করবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। আগের সামরিক সহায়তা প্যাকেজে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল। তবে নতুন করে সরঞ্জাম পাঠালে তা যুক্তরাষ্ট্রের নিজস্ব মজুতের ওপরও প্রভাব ফেলতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো উল্লেখ করেছে।