মধ্যপ্রাচ্য সংঘাতে নিহতের সংখ্যা ২২০০ ছাড়াল
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে প্রাণহানির সংখ্যা দুই হাজার দুইশ ছাড়িয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর শুরু হওয়া এই সংঘাত দ্রুত বিস্তৃত হয়ে বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটিয়েছে।
রোববার ১৫ মার্চ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে এই হতাহতের ঘটনা ঘটেছে।
সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইরানে। দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার চারশ চুয়াল্লিশ জনে।
এ ছাড়া লেবাননে নিহত হয়েছেন সাতশ তিয়াত্তর জন। অন্যদিকে ইসরাইলে নিহত হয়েছেন চৌদ্দ জন।
উপসাগরীয় কয়েকটি দেশেও হতাহতের ঘটনা ঘটেছে। সংযুক্ত আরব আমিরাতে ছয়জন, বাহরাইনে দুইজন, সৌদি আরবে দুইজন, কুয়েতে ছয়জন এবং ওমানে তিনজন নিহত হয়েছেন।
এ ছাড়া অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনীর এগারো জন সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। একই সময়ে ইরাকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ছাব্বিশ জনে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘোষণা দিলে সংঘাতের প্রভাব উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।