জ্বালানি স্থাপনায় হামলা হলে পাল্টা জবাব দেবে ইরান, সতর্কবার্তা আরাগচির
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, ইরানের জ্বালানি স্থাপনায় হামলা হলে এ অঞ্চলে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।
শনিবার ১৪ মার্চ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে আরাগচির বক্তব্য প্রকাশিত হয়। সেখানে তিনি বলেন, ইরানের তেল ও জ্বালানি অবকাঠামোর ওপর আঘাত হানা হলে তাদের বাহিনী প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন কোম্পানিগুলোর স্থাপনাকে লক্ষ্য করা হতে পারে।
তবে তিনি ইরানি বাহিনীকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে ঘনবসতিপূর্ণ এলাকা যেন কোনোভাবেই লক্ষ্যবস্তুতে পরিণত না হয় সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
হরমুজ প্রণালির পরিস্থিতি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রণালিটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত থাকলেও ইরান শত্রু ও মিত্র উভয় পক্ষের তেলবাহী ট্যাংকার এবং জাহাজ চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে বলে ইঙ্গিত দেন।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই বক্তব্যকে নতুন করে পরিস্থিতি জটিল হওয়ার ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।