সর্বোচ্চ নেতা সুস্থ আছেন, গুঞ্জন উড়িয়ে দিল ইরান
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন।
শনিবার ১৪ মার্চ এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার বিষয়ে যেসব খবর ছড়ানো হয়েছে তার কোনো ভিত্তি নেই।
এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দাবি করেছিলেন, মুজতবা খামেনি আহত হয়েছেন এবং সম্ভবত তার শরীরের কোনো অংশে গুরুতর আঘাত লেগেছে।
এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সর্বোচ্চ নেতার কোনো শারীরিক সমস্যা নেই। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং সম্প্রতি জাতির উদ্দেশে বার্তাও দিয়েছেন। ভবিষ্যতেও তিনি তার দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবেন।
এদিকে সর্বোচ্চ নেতা হিসেবে দেওয়া তার প্রথম ভাষণে মুজতবা খামেনি হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দেন। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে গেলে নতুন নতুন ফ্রন্ট খুলে দেওয়া হতে পারে।