পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দেশের কৃষকদের সহায়তা ও কৃষি খাতকে আরও শক্তিশালী করতে পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার ১৫ মার্চ বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বাস্তবায়ন সংক্রান্ত এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কৃষকদের জন্য পরিকল্পিত এই কার্ডের মাধ্যমে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।