ইসরাইলে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১০৮ জন আহত
ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে গত ২৪ ঘণ্টায় ইসরাইলে অন্তত ১০৮ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
শনিবার ১৪ মার্চ প্রকাশিত তথ্যে জানানো হয়, আহতদের সুনির্দিষ্টভাবে কী কারণে আঘাত লেগেছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অনেকেই সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেটের আঘাতে নয়, বরং হামলার আশঙ্কায় দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় আহত হয়েছেন।
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অথবা লেবানন দিক থেকে ছোড়া রকেটের সম্ভাব্য আঘাত এড়াতে সাধারণ মানুষকে বারবার নিরাপদ আশ্রয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে আতঙ্ক ও তাড়াহুড়োর কারণে অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শনিবার সকাল পর্যন্ত সংঘাত সংশ্লিষ্ট ঘটনায় মোট ৩ হাজার ১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের মধ্যে বর্তমানে ৮১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা সতর্কতা জারি রয়েছে এবং সাধারণ মানুষকে প্রয়োজন অনুযায়ী আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।