নগদ অর্থ ও স্বর্ণালংকার পরিবহনে ডিএমপির মানি এস্কর্ট সেবা গ্রহণের আহ্বান
ঢাকা মহানগরীতে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার নিরাপদে পরিবহনের জন্য মানি এস্কর্ট সেবা চালু রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা নিশ্চিত করতে এই সেবা গ্রহণের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি।
শনিবার ১৪ মার্চ ডিএমপি সূত্রে জানানো হয়, ব্যবসা প্রতিষ্ঠান, আর্থিক সংস্থা কিংবা ব্যক্তি পর্যায়ে এক স্থান থেকে অন্য স্থানে বড় অঙ্কের নগদ অর্থ বা মূল্যবান স্বর্ণালংকার পরিবহনের সময় ছিনতাই কিংবা ডাকাতির ঝুঁকি থাকে। এসব ঝুঁকি মোকাবিলায় পুলিশের নিরাপত্তা সহায়তায় মানি এস্কর্ট সেবা প্রদান করা হচ্ছে।
এই সেবার আওতায় প্রশিক্ষিত পুলিশ সদস্যদের তত্ত্বাবধানে নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নির্ধারিত গন্তব্যে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে পরিবহনের সময় নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সম্ভাব্য অপরাধের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে আসে বলে জানিয়েছে পুলিশ।
নগদ অর্থ বা স্বর্ণালংকার পরিবহনের ক্ষেত্রে ডিএমপির মানি এস্কর্ট সেবা নিতে আগ্রহীরা ০১৩২০৩৭৮৪৫ এবং ০১৩২০৩৭৮৪৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
ডিএমপির মুখপাত্র ও উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বড় অঙ্কের অর্থ বা মূল্যবান সামগ্রী পরিবহনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের এই সেবা গ্রহণ করা উচিত। এতে একদিকে যেমন ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে অপরাধ প্রতিরোধেও পুলিশের কার্যক্রম আরও কার্যকর হবে।