ইরানের কুর্দিস্তানে হামলায় নিহত ১১২, আহত প্রায় এক হাজার
ইরানের কুর্দিস্তান প্রদেশে সাম্প্রতিক হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১১২ জনে পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন অন্তত ৯৬৯ জন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা তাসনিম।
শনিবার ১৪ মার্চ প্রাদেশিক জরুরি বিভাগের প্রধান জানান, হামলায় আহতদের মধ্যে বর্তমানে ২৭ জন হাসপাতালে সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং পাঁচজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে মোট নিহতের সংখ্যা প্রায় ১ হাজার ৪৫০ জনে পৌঁছেছে।
এদিকে দক্ষিণ লেবাননের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি হামলায় ১২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন হামলায় লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৭৭৩ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১০৩ জন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।