ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত, ৬ ক্রুর সবাই নিহত
ইরাকে একটি মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেন্ট্রাল কমান্ড জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের কেসি একশ পঁয়ত্রিশ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
তারা জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পেছনে শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সেন্ট্রাল কমান্ড আরও জানায়, নিহত ক্রুদের পরিবারের সদস্যদের খবর দেওয়ার পর চব্বিশ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।
এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, বিমান বিধ্বস্তের ঘটনায় চারজন ক্রুর মৃত্যু হয়েছে এবং বাকি দুইজন নিখোঁজ রয়েছেন। পরে নিশ্চিত করা হয় যে ছয়জনই নিহত হয়েছেন।
অন্যদিকে ইরান ও ইরান সমর্থিত কয়েকটি গোষ্ঠী দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলার কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে।