শহিদ নাফিজকে হাসপাতালে নেওয়া রিকশাচালক নূর মোহাম্মদ সংসদ অধিবেশনে আমন্ত্রিত
জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ এবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন।
বুধবার ১১ মার্চ তিনি জাতীয় সংসদের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র গ্রহণ করেন। বৃহস্পতিবার ১২ মার্চ সকাল ১১টায় অনুষ্ঠিতব্য অধিবেশনে অতিথি হিসেবে তার উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ পাঁচ অর্জনের পর একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া গোলাম নাফিজ ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে একটি রিকশায় তুলে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তখনও তিনি রিকশার রড শক্ত করে ধরে ছিলেন।
রিকশাচালক নূর মোহাম্মদ দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ফার্মগেট এলাকার একটি হাসপাতালে প্রবেশের সময় বাধার মুখে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে তিনি আহত নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা দেন।
ঘটনাকালে দৈনিক মানবজমিনের ফটোসাংবাদিক জীবন আহমেদ রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি ধারণ করেন। ওই রাতেই পত্রিকার প্রথম পাতায় ছবিটি প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই ছবির মাধ্যমেই পরিবারের সদস্যরা নাফিজের অবস্থান সম্পর্কে জানতে পারেন।
ছবিতে রিকশার পেছনে থাকা একটি মোবাইল নম্বর দেখে পরিবারের সদস্যরা নূর মোহাম্মদের সন্ধান পান। পরে তিনি জানান, সেদিন ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়েন এবং এক পুলিশ সদস্যের ডাকে অন্যরা আহত নাফিজকে তার রিকশায় তুলে দেন। হাসপাতালে নেওয়ার পথে বাধা পাওয়ার পর খামারবাড়ি এলাকায় কয়েকজন ব্যক্তি নাফিজকে একটি অটোরিকশায় তুলে দ্রুত হাসপাতালে পাঠান।
ঘটনার কয়েক মাস পর গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের ব্যবহৃত রিকশাটি সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়। এর আগে একজন ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় রিকশাটি তার কাছ থেকে কিনে নেন।