জ্বালানি ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত
দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান প্রধান তেল ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলকে ঘিরে সৃষ্ট অতিরিক্ত চাপ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার ১১ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, মার্চ মাসে চলমান পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন তেল ডিপোতে ডিলারদের পক্ষ থেকে হঠাৎ করে অতিরিক্ত চাহিদা তৈরি হয়েছে। এই বাড়তি চাহিদা পূরণ করতে গিয়ে পদ্মা অয়েল পিএলসি, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডসহ জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানগুলো চাপের মুখে পড়েছে।
এর ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপো ও স্থাপনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে সেনাবাহিনী মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা এলাকায় অবস্থিত তেলের প্রধান ডিপোসহ দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ি, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপোগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন শাখার সিনিয়র সহকারী সচিব মো এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জাতীয় জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত হলে সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল থাকবে এবং দেশের অর্থনীতি ও জনজীবনের ওপর সম্ভাব্য চাপ অনেকটাই কমে আসবে।