নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানাতে ইরানে জনসমাগম
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির দায়িত্ব গ্রহণের পর দেশজুড়ে সমর্থনের ঢল দেখা গেছে। রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ সমাবেশ করে তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। সোমবার ৯ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, মানুষ ইরানের পতাকা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে নিয়ে সমাবেশে অংশ নিচ্ছেন। অনেকের হাতে নতুন নেতা মোজতবা খামেনির ছবিও দেখা যায়।
নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাশাপাশি দেশটির সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসিও আনুষ্ঠানিকভাবে তার প্রতি আনুগত্য ঘোষণা করেছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোজতবা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানী ও বিচক্ষণ নেতা হিসেবে উল্লেখ করেছে। সেখানে বলা হয়েছে, বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্ত দেশের জন্য বিচক্ষণ ও সময়োপযোগী পদক্ষেপ।
ইরানের প্রভাবশালী রেভল্যুশনারি গার্ড কর্পসও নতুন নেতাকে অভিনন্দন জানিয়ে জানিয়েছে, দেশের নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে তারা সর্বদা প্রস্তুত থাকবে।
এছাড়া ইরানের প্রেসিডেন্ট, পার্লামেন্ট স্পিকার, আধাসামরিক বাহিনী বাসিজ, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, পুলিশ বাহিনী এবং প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়সহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এই নেতৃত্বকে পূর্ণ সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে দেশটিতে আলোচনার সৃষ্টি হয়। পরে বিশেষজ্ঞ পরিষদের ভোটের মাধ্যমে তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়।
নেতৃত্বের এই পরিবর্তনের মধ্যেও ইরানের জনগণের একাংশের প্রকাশ্য সমর্থন দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে নতুন বাস্তবতার দিকে এগিয়ে নিচ্ছে। বিশ্লেষকদের মতে, ঐক্য ও স্থিতিশীলতা বজায় থাকলে চ্যালেঞ্জের মধ্যেও ইরান তার ভবিষ্যৎ পথকে আরও সুসংহত করতে সক্ষম হবে।