ইরানের পক্ষে পোস্টের অভিযোগে বাহরাইনে বাংলাদেশিসহ ছয় প্রবাসী গ্রেপ্তার
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের পক্ষে পোস্ট ও ভিডিও শেয়ার করার অভিযোগে এক বাংলাদেশিসহ ছয়জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে বাহরাইন পুলিশ। মঙ্গলবার ১০ মার্চ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে স্থানীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।
গ্রেপ্তার বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর। বাকি পাঁচজন পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে বাহরাইনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাহরাইন নিউজ এজেন্সি এবং দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দুর্নীতি দমন ও সাইবার অপরাধ দমন বিভাগ তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে এবং পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বিতর্কিত পোস্ট ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন দেশ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর বা উসকানিমূলক তথ্য প্রচার ঠেকাতে নজরদারি জোরদার করেছে। আইন মেনে দায়িত্বশীল আচরণই প্রবাসীদের নিরাপত্তা ও সুনাম রক্ষার সবচেয়ে বড় পথ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।