দক্ষ জনশক্তি গড়তে বিদেশি ভাষা শিক্ষাকেন্দ্র স্থাপনে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বিদেশি ভাষা শিক্ষাকেন্দ্র স্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণসংক্রান্ত গঠিত কমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বেকার তরুণ-তরুণীদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিদেশি শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে বিভিন্ন দেশের ভাষা শেখার সুযোগ বাড়ানো জরুরি। এজন্য দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে দেশে ভাষা শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং প্রবাসী কল্যাণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, দক্ষতা ও ভাষা জ্ঞানের অভাব অনেক সময় বিদেশে কর্মসংস্থানের বড় বাধা হয়ে দাঁড়ায়, তাই এ খাতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন।
অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, বিদেশে কাজের উদ্দেশ্যে কাউকে যেন নিজের সহায়-সম্পত্তি বিক্রি করতে না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। এজন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ সুবিধা চালু এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞরা মনে করেন, দক্ষতা ও ভাষা জ্ঞানে সমৃদ্ধ জনশক্তি তৈরি করা গেলে আন্তর্জাতিক শ্রমবাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী হবে। এতে যেমন বাড়বে প্রবাসী আয়, তেমনি দেশের অর্থনীতিও পাবে নতুন গতি, আর দূর প্রবাসে কর্মরত লাখো মানুষের স্বপ্নের সঙ্গে যুক্ত হবে দেশের উন্নয়নের নতুন অধ্যায়।