জিয়া ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানালেন মার্কিন কর্মকর্তা পল কাপুর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।
বৃহস্পতিবার ৫ মার্চ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত এই দুই নেতার সমাধিস্থলে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সমাধিস্থলে গিয়ে পল কাপুর পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে সম্মান জানান। তবে জিয়াউর রহমানের সমাধিস্থলে সংস্কার কাজ চলমান থাকায় তারা মূল সমাধিস্থলের পরিবর্তে কবর প্রাঙ্গণের প্রবেশপথের সামনে থেকেই শ্রদ্ধা নিবেদন করেন।
জানা গেছে, পল কাপুর গত মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাংলাদেশ সফর।
কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।