ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতার দাবি প্রত্যাখ্যান করল স্পেন
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করতে স্পেন সম্মত হয়েছে বলে হোয়াইট হাউসের যে দাবি করা হয়েছিল, তা সরাসরি নাকচ করেছে স্পেন সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস স্পষ্ট করে জানিয়েছেন, ইরান বা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিষয়ে স্পেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বুধবার ৪ মার্চ স্পেনের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট দাবি করেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদ্রিদের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বন্ধের হুমকি দেওয়ার পর স্পেন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহযোগিতা করতে রাজি হয়েছে।
তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী সেই দাবি প্রত্যাখ্যান করে বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং ইরানে সম্ভাব্য বোমা হামলার ক্ষেত্রে স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত রয়েছে।
স্পেনের ক্যাডেনা এসইআর রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে আলবারেস বলেন, ইরানে হামলা বা মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে স্পেনের ঘাঁটি ব্যবহারের প্রশ্নে সরকার আগের অবস্থানেই রয়েছে এবং এ বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে স্পেন সরকার জানিয়েছিল, জাতিসংঘ সনদের বাইরে পরিচালিত কোনো সামরিক অভিযানের জন্য দক্ষিণ স্পেনে অবস্থিত যৌথ মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে না।
স্পেন সরকারের এই অবস্থান হোয়াইট হাউসের বক্তব্যের সঙ্গে স্পষ্ট বিরোধ তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ও মতবিরোধ আরও বাড়তে পারে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিভিন্ন দেশের অবস্থান ও কূটনৈতিক পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তাই সংকট নিরসনে কূটনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক আইন মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।