দেশের শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপিকে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের আইনশৃঙ্খলা, শান্তি ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপির সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জনগণের কল্যাণে জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
রাজধানীর সচিবালয়ে বুধবার ৪ মার্চ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয় এবং দেশের নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং দায়িত্ব পালনে তাদের অবদানের প্রশংসা করেন। তিনি বাহিনীর সদস্যদের জনগণের স্বার্থে বিভিন্ন জনসেবামূলক কাজে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
আতিকুর রহমান রুমন আরও জানান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আনসার ও ভিডিপি সদস্যদের সবসময় প্রস্তুত থাকার বিষয়টি প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। জাতীয় নিরাপত্তা রক্ষায় বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতি জোরদার করার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বাহিনীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনসেবামূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
রাষ্ট্রের নিরাপত্তা ও জনকল্যাণে আনসার ও ভিডিপির ভূমিকা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সরকারের দিকনির্দেশনা ও সদস্যদের নিষ্ঠা মিলেই এই বাহিনী দেশের নিরাপত্তা ও সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, যা ভবিষ্যতেও দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।