ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে সমাহিত করা হবে মাশহাদে
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
বুধবার বার্তাসংস্থা ফার্স নিউজ এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, খামেনিকে তার জন্মস্থান মাশহাদ শহরেই দাফন করা হবে, যা ইরানের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত শনিবার সকালে তাকে লক্ষ্য করে চালানো এক হামলায় তিনি নিহত হন বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
খামেনির জন্ম মাশহাদ শহরেই। সেখানে অবস্থিত ইমাম রেজা মাজার ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত। তার পিতাকেও ওই মাজার এলাকায় সমাহিত করা হয়েছিল।
ইরানি সূত্রগুলো জানিয়েছে, মৃত্যুর আগে খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের ইমাম রেজা মাজারের কাছে সমাহিত করা হয়। তবে ঠিক কবে তার দাফন সম্পন্ন হবে সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইরানের রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বে দীর্ঘ সময় প্রভাব বিস্তারকারী খামেনির মৃত্যু দেশটির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। তার সমাধিস্থলও ভবিষ্যতে অনেকের কাছে স্মরণ ও শ্রদ্ধার জায়গা হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।