মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে দ্রুত সরে যেতে মার্কিন নাগরিকদের নির্দেশ
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত অঞ্চল ত্যাগের নির্দেশনা জারি করেছে।
মঙ্গলবার ৩ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, গুরুতর নিরাপত্তা উদ্বেগের কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে যত দ্রুত সম্ভব সরে যাওয়া উচিত।
নির্দেশনায় যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে পারে এবং আকাশপথ বা স্থলপথে চলাচল সীমিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই বিলম্ব না করে উপলব্ধ বাণিজ্যিক ফ্লাইটে অঞ্চল ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে নিকটবর্তী মার্কিন দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখার আহ্বানও জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা এবং বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের এই নির্দেশনা সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। অস্থিরতার এই সময়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট দেশগুলোর প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।