ইরানে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী
ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এ হামলার বৈধতা ও আন্তর্জাতিক আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো।
সোমবার প্যারিসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের শক্তি প্রয়োগের সিদ্ধান্ত আন্তর্জাতিক কাঠামোর ভেতরে, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো ফোরামে আলোচনা হওয়া উচিত ছিল। তার মতে, যৌথভাবে আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলো নিজেদের দায়িত্ব স্পষ্ট করতে পারত।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে সামরিক শক্তি প্রয়োগ তখনই প্রয়োজনীয় বৈধতা পায়, যখন বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে উপস্থাপন করা হয় এবং সেখানে আনুষ্ঠানিকভাবে পর্যালোচিত হয়।
তিনি চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, এখন পর্যন্ত ইরানে অবস্থানরত কোনো ফরাসি নাগরিক হতাহত হয়েছেন বলে তথ্য পাওয়া যায়নি।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে এবং কূটনৈতিক উদ্যোগ ছাড়া উত্তেজনা প্রশমিত করা কঠিন হতে পারে। ফলে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সংলাপ ও বহুপাক্ষিক আলোচনার গুরুত্ব আরও বেড়েছে।