খামেনি হত্যাকে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা বললেন ইরানের প্রেসিডেন্ট
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এ ঘটনাকে মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা হিসেবে অভিহিত করেছেন।
রোববার ১ মার্চ দেওয়া এক শোকবার্তায় প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, খামেনির হত্যাকাণ্ড কেবল ইরানের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের বিরুদ্ধে আক্রমণের শামিল। বিশেষ করে শিয়া মুসলিমদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি সতর্ক করে বলেন, বর্তমান পরিস্থিতি ভয়াবহ সহিংসতার দিকে গড়াতে পারে এবং এটি মুসলিম বিশ্বের জন্য একটি বড় পরীক্ষা। তার ভাষায়, এমন হামলা গোটা মুসলিম জাতির মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
লিখিত বার্তায় পেজেশকিয়ান আরও বলেন, এ হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ এবং এর জবাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রয়োজন। তিনি দেশবাসীকে ধৈর্য, সংহতি ও দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানান।
মধ্যপ্রাচ্যে চলমান হামলা ও পাল্টা হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। খামেনির মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা এখন আন্তর্জাতিক মহলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।