সর্বোচ্চ নেতার মৃত্যু, তবুও অটুট ইরানের রাষ্ট্রীয় কাঠামো
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ড দেশটির জন্য বড় ধাক্কা হলেও রাষ্ট্রীয় কাঠামো কার্যকারিতা হারায়নি বলে বিশ্লেষকরা মনে করছেন। দীর্ঘ ৩৭ বছর ধরে তিনি ইরানের শীর্ষ নেতৃত্বে ছিলেন এবং রাজনৈতিক ও সামরিক কাঠামোর কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা রেখেছেন। তবুও তার মৃত্যুর পর শাসনব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরান এমন একটি ব্যবস্থায় পরিচালিত হয়ে আসছে, যেখানে শিয়া ধর্মীয় নেতৃত্ব রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে অবস্থান করে। বিপ্লব-পরবর্তী সময়েই রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো এমনভাবে গড়ে তোলা হয়, যাতে ব্যক্তি নির্ভরতার পরিবর্তে কাঠামোগত ধারাবাহিকতা বজায় থাকে। ফলে সর্বোচ্চ নেতার অনুপস্থিতিতেও প্রশাসনিক কার্যক্রম চালু রাখার প্রস্তুতি আগে থেকেই বিদ্যমান।
সংবিধান অনুযায়ী, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর ন্যস্ত। এই পরিষদ ভোটের মাধ্যমে পরবর্তী নেতা নির্ধারণ করে। সদস্যরা বিদ্যমান রাষ্ট্রীয় আদর্শ ও নীতির প্রতি অনুগত হওয়ায় নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
রাষ্ট্রক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ স্তম্ভ ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। আদর্শিক সামরিক এই বাহিনী ইসলামী প্রজাতন্ত্রের কাঠামো রক্ষায় মুখ্য ভূমিকা পালন করে। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের প্রভাব সুস্পষ্ট। বিশ্লেষকদের ধারণা, উত্তরসূরি নির্ধারণ প্রক্রিয়ায় আইআরজিসি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে পারে, যাতে নতুন নেতৃত্ব ইসলামি শাসনব্যবস্থার মূল কাঠামো অক্ষুণ্ন রাখে।
বর্তমান সংঘাতময় পরিস্থিতিতেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে সর্বোচ্চ নেতার মৃত্যু সত্ত্বেও প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখার সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করছে তেহরান।
ইতিহাসের এই সন্ধিক্ষণে ইরান ব্যক্তি নেতৃত্বের পরিবর্তনের মুখে পড়লেও রাষ্ট্রীয় কাঠামোর ধারাবাহিকতা রক্ষাই এখন তাদের প্রধান লক্ষ্য। পরিবর্তনের মুহূর্তে একটি রাষ্ট্র কতটা সংগঠিত ও প্রস্তুত, তারই পরীক্ষা দিচ্ছে ইরান।