ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব দেবে তিন সদস্যের পর্ষদ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশটির নেতৃত্ব দেবে তিন সদস্যের একটি পর্ষদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, অস্থায়ীভাবে দেশের সার্বিক দায়িত্ব পালন করবে এই তিন সদস্যের পর্ষদ। পর্ষদে থাকবেন দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ সদস্য।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয়। ওই বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্র উৎখাত করে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটি দুইজন সুপ্রিম লিডার পেয়েছে। শিয়া ধর্মাবলম্বীদের কাছে আয়াতুল্লাহ উপাধি সিনিয়র ধর্মীয় নেতাকে নির্দেশ করে।
সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের দায়িত্বও পালন করছিলেন।
বিবিসি জানিয়েছে, সর্বোচ্চ নেতার মৃত্যুতে রোববার থেকে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।