দুবাইয়ে আজও দফায় দফায় বিস্ফোরণ, উত্তেজনা চরমে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা অভিযানের মধ্যেই টানা দ্বিতীয় দিনের মতো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার দুবাইয়ের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার ঘোষণা দেয় ইরান। সেই প্রেক্ষাপটেই নতুন করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
ইরান আগেই ঘোষণা দিয়েছিল, এ অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।
এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। এতে যাত্রী লাউঞ্জের ছাদের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ছাদের অংশ ধসে পড়ে আশপাশে ধ্বংসস্তূপ ছড়িয়ে আছে এবং ভেতরে ধোঁয়া দেখা যাচ্ছে।
দুবাইয়ের গণমাধ্যম দপ্তর জানায়, ওই হামলায় চারজন আহত হয়েছেন। একই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের হামলা অব্যাহত ছিল। আল জাজিরা ভিডিওটির সত্যতা যাচাই করেছে বলে জানিয়েছে।
এছাড়া শনিবার পাম জুমেইরাহ এলাকার ফাইভ স্টার ফেয়ারমন্ট হোটেলে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা হোটেলের প্রবেশমুখে আগুন জ্বলতে দেখেন।
বর্তমান পরিস্থিতিতে দুবাইয়ের বাসিন্দারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। আকাশসীমা বন্ধ থাকায় বহু যাত্রী আটকা পড়েছেন। শহরের আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য নিয়মিত হয়ে উঠেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।