খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে। সরকারি সম্প্রচারে এ তথ্য নিশ্চিত করা হয় এবং একই সঙ্গে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
রবিবার ১ মার্চ শোকঘোষণার সময় রাষ্ট্রীয় টেলিভিশনের এক উপস্থাপক আবেগাপ্লুত কণ্ঠে সর্বোচ্চ নেতার মৃত্যুর বিষয়টি জানান। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর খামেনির মৃত্যুর দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানে সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনব্যবস্থা চালু হয়। ওই বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্র উৎখাত করে দেশটিতে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকে ইরান দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে, যাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহৃত হয়। শিয়া ধর্মাবলম্বীদের কাছে এই উপাধির অর্থ জ্যেষ্ঠ ধর্মীয় নেতা।
সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফের দায়িত্বও পালন করছিলেন।
খামেনির মৃত্যুতে দেশজুড়ে শোকানুষ্ঠান পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। ইরানের রাজনৈতিক ও ধর্মীয় পরিমণ্ডলে এ ঘটনাকে তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব ও আঞ্চলিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।