নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি হাসনাত আবদুল্লাহর
নরসিংদীতে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, প্রায় ১৫ দিন আগে স্থানীয় নূরার নেতৃত্বে কয়েকজন কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির পরিবার স্থানীয় জনপ্রতিনিধির কাছে বিচার চাইলে বিষয়টি আপসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, পরবর্তীতে কিশোরীকে বাবার কাছ থেকে তুলে নিয়ে হত্যা করা হয় এবং পরদিন সরিষা ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় এক ইউপি সদস্য ও তার ছেলেসহ চারজনকে গ্রেপ্তার করেছে বলে উল্লেখ করেন তিনি।
তবে তার দাবি, মূল অভিযুক্ত নূরাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, যা গ্রহণযোগ্য নয়। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান, ২৪ ঘণ্টার মধ্যে নূরাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাবের কারণে অপরাধীরা প্রশ্রয় পেয়ে থাকতে পারে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন তিনি।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।