গণভোটের ফল সংশোধন, কমেছে হ্যাঁ ও না ভোটের সংখ্যা
সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের ফলাফলে সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। নতুন প্রকাশিত অতিরিক্ত গেজেট অনুযায়ী, পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় হ্যাঁ এবং না উভয় ভোটের সংখ্যাই কমেছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে জারি করা অতিরিক্ত গেজেটে সংশোধিত ফল প্রকাশ করা হয়।
সংশোধিত তথ্য অনুযায়ী, গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৪ কোটি ৭২ লাখ ২৫ হাজার ৯৮০টি এবং না ভোট পড়েছে ২ কোটি ১৯ লাখ ৬০ হাজার ২৩১টি। হ্যাঁ ও না মিলিয়ে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ ২১ হাজার ৪০৭। এর মধ্যে বাতিল ভোট ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৬। বাতিল ভোট বাদ দিলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ২১১।
বিশ্লেষণে দেখা গেছে, আগের ঘোষণার তুলনায় হ্যাঁ ভোট কমেছে ৯ লাখ ৭৪ হাজার ৬৮০টি এবং না ভোট কমেছে ১ লাখ ১১ হাজার ৪৯৫টি। মোট প্রদত্ত ভোট কমেছে ১০ লাখ ৭৩ হাজার ৬১৬টি। একই সঙ্গে বাতিল ভোটের সংখ্যা আগের চেয়ে ১২ হাজার ৫৫৯টি বেড়েছে।
ফল সংশোধনের কারণ সম্পর্কে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এটি করণিক ভুল ও ট্রান্সপজিশনজনিত ত্রুটির কারণে হয়েছে। মাঠপর্যায়ের তথ্য হাতে সংকলনের সময় এ ভুল ঘটে। পরে যাচাই করে সেগুলো সংশোধন করা হয়েছে। তিনি বলেন, মূল ফলাফলে হ্যাঁ ভোটের সংখ্যাগরিষ্ঠতার অবস্থান অপরিবর্তিত রয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই এ গণভোট অনুষ্ঠিত হয়। সেদিন ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। শেরপুর ৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সঠিক তথ্য প্রকাশে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা জনগণের আস্থা অটুট রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।