ইউটায় মসজিদের ইমামকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা
যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে দেশটির অন্যতম বৃহৎ মসজিদের এক ইমামকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রমজান মাসে সোমবার সন্ধ্যায় নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি হামলার মুখে পড়েন।
হামলার শিকার শুয়াইব দিন ইউটা ইসলামিক সেন্টারের নেতা। তিনি শারীরিকভাবে অক্ষত থাকলেও তার গাড়িতে একাধিক গুলি লাগে। স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তি তার বাসার বাইরে আগে থেকেই অবস্থান করছিল। তার ধারণা, হামলাকারী তার বাড়ি, গাড়ি এবং দৈনন্দিন সময়সূচি সম্পর্কে অবগত ছিল।
প্রথমে তিন থেকে চার রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে মনে হলেও পুলিশ ঘটনাস্থল থেকে আটটি গুলির খোসা উদ্ধার করেছে। গুলিগুলো তার গাড়ির উইন্ডশিল্ড, সামনের আসন এবং পেছনের অংশে আঘাত করে।
পুলিশ একটি সাদা যাত্রীবাহী গাড়ির ছবি প্রকাশ করেছে, যা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং হামলার উদ্দেশ্য সম্পর্কেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ইমাম শুয়াইব দিন জানান, তার ব্যক্তিগত কোনো শত্রু নেই বলে তিনি মনে করেন। তবে এটি বিদ্বেষমূলক হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস হামলাকারীকে গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছে।
ইউটা স্টেট সিনেটের সদস্য নেইট ব্লুইন ঘটনাটিকে হত্যাচেষ্টা হিসেবে উল্লেখ করে একে ভয়াবহ ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিনের ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রেক্ষাপটও তুলে ধরেন।
ঘটনাটি স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং কর্তৃপক্ষ অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে।