একুশে পদক গ্রহণের পর আইয়ুব বাচ্চুর স্ত্রীর আবেগঘন প্রতিক্রিয়া
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং ব্যান্ড দল ওয়ারফেজকে একুশে পদক ২০২৬ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দেন।
মরণোত্তর এ সম্মাননা পান প্রখ্যাত সংগীতশিল্পী ও গিটারবাদক আইয়ুব বাচ্চু। তার পক্ষে পদক গ্রহণ করেন স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। পদক গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি আলহামদুলিল্লাহ লিখে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে এলআরবির ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আইয়ুব বাচ্চুর প্রতি রাষ্ট্রীয় এই স্বীকৃতি তার দীর্ঘ সংগীতজীবনের প্রতি জাতির শ্রদ্ধার বহিঃপ্রকাশ। বাংলা রকের অগ্রযাত্রায় তার সাহসী ও সৃজনশীল ভূমিকা দেশের সংগীতকে সমৃদ্ধ করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনেও স্বতন্ত্র পরিচয় এনে দিয়েছে। এ সম্মানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র যখন কোনো শিল্পীর অবদানকে স্বীকৃতি দেয়, তা কেবল ব্যক্তিগত সম্মান নয়, পুরো সংগীতাঙ্গনের জন্য প্রেরণা হয়ে ওঠে। নতুন প্রজন্মের শিল্পীদের জন্যও এটি অনুপ্রেরণার উৎস বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া আইয়ুব বাচ্চুর সৃষ্টিশীলতা ও সাংস্কৃতিক প্রভাব বিবেচনায় ভবিষ্যতে আরও উচ্চ রাষ্ট্রীয় সম্মান পাওয়ার প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে।
সংগীতপ্রেমীদের কাছে আইয়ুব বাচ্চু শুধু একজন শিল্পী নন, তিনি এক অনুপ্রেরণার নাম। তার সুর, তার স্বপ্ন এবং তার সাহসী পথচলা আজও বাংলা সংগীতকে এগিয়ে নিতে শক্তি জোগায়।