৪ অপরাধে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ঢাবি শিক্ষকের
চারটি অভিযোগে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ তার নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন।
সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
অধ্যাপক কার্জন বলেন, ড. ইউনূস ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তিকে চ্যালেঞ্জ করে মামলা করা যেতে পারে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেও তিনি মামলা করবেন। তার দাবি, সেখানে থাকা গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ নষ্ট হয়েছে। এ ঘটনায় দেশি-বিদেশি কারও ইন্ধন ছিল কি না এবং অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে কারা দায়ী—তা তদন্ত হওয়া উচিত। তিনি প্রশ্ন তোলেন, কেন আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যায়নি।
গত দেড় বছরে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি একটি অস্বাভাবিক বিষয়। এ প্রসঙ্গে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, অধিকাংশ অধ্যাদেশই অনিশ্চয়তার মধ্যে রয়েছে।
এ বিষয়ে ড. ইউনূস বা সংশ্লিষ্টদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।