বাংলাদেশ থেকে ডিম ও মুরগি আমদানি স্থগিত করল সৌদি আরব
বার্ড ফ্লুর সংক্রমণের কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে ডিম ও মুরগি আমদানি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব।
গত বুধবার দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশে বার্ড ফ্লুর সংক্রমণ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে বিশ্ব পশু স্বাস্থ্য সংস্থা। ওই প্রতিবেদনের পর সৌদি নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা সাময়িক বলে জানানো হলেও কবে নাগাদ তা প্রত্যাহার করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।