বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার
দেশের রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে রুগ্ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, নির্দেশনায় বিশেষভাবে বন্ধ পাটকল ও চিনি কারখানাগুলো চালুর কথা বলা হয়েছে। এসব প্রতিষ্ঠানে পুরোনো শ্রমিকদের বহাল রেখে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী বন্ধ ও রুগ্ণ শিল্পপ্রতিষ্ঠান চালুর নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দীর্ঘদিন বন্ধ থাকা শিল্পকারখানাগুলো পুনরুজ্জীবিত হওয়ার পাশাপাশি অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।