সার্ককে গতিশীল করতে চায় বাংলাদেশ
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আরও সক্রিয় ও কার্যকর করতে চায় বাংলাদেশ। এ কথা জানিয়েছেন সার্কের মহাসচিব গোলাম সারোয়ার।
সোমবার ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মহাসচিব বলেন, সার্কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করতেই এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, সার্ক বর্তমানে কোথায় অবস্থান করছে তা মন্ত্রীকে জানানো হয়েছে। পাশাপাশি সার্ককে কীভাবে গতিশীল করা যায় সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আগ্রহ প্রকাশ করেছেন।
গোলাম সারোয়ার বলেন, সার্কের বর্তমান অবস্থা এবং সংস্থাটির কার্যক্রমের ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে অগ্রণী ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। সার্ককে পুনরুজ্জীবিত করতে সদস্য রাষ্ট্রগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে একই দিনে পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহিউদ্দিন আহমদ ফাহ্মি, সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এবং জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।