যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত রাখল ইইউ
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তিতে এই মুহূর্তে শিলমোহর দিচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে ঘিরে সৃষ্ট অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি বাতিল করে। এর পর ট্রাম্প একযোগে বিভিন্ন দেশের ওপর ১৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেন। এতে আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয় বলে মনে করছে ইইউ।
মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের ট্রেড কমিটিতে যুক্তরাষ্ট্রের শিল্পপণ্যের ওপর রপ্তানি শুল্ক আরোপ সংক্রান্ত বিষয়ে ভোটাভুটির সম্ভাবনা ছিল। তবে অনিশ্চয়তার কারণে সেই ভোটও স্থগিত করা হয়েছে।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ জিল বলেন, ওয়াশিংটন তাদের অবস্থান স্পষ্ট না করলে ব্রাসেলস কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারবে না।
তিনি বলেন, ঠিক কী ঘটছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা প্রত্যাশা করছে ইইউ।