ঈদুল ফিতরে টানা ৭ থেকে ১০ দিন ছুটির সম্ভাবনা
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে সরকারি চাকরিজীবীদের জন্য টানা দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল ফিতরে পাঁচ দিনের সরকারি ছুটি নির্ধারিত রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ শনিবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকারি সূচি অনুযায়ী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ সোমবার পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত আছে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি।
১৮ মার্চ বুধবার এক দিনের ঐচ্ছিক ছুটি গ্রহণ করা গেলে শবে কদরসহ টানা সাত দিনের অবকাশ ভোগ করা সম্ভব হবে। এতে কর্মজীবীরা পারিবারিক সময় কাটানো বা ভ্রমণের সুযোগ পাবেন।
ঈদের পরও দীর্ঘ ছুটির আরেকটি সম্ভাবনা রয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি এবং ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি পড়েছে। এ পরিস্থিতিতে ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নেওয়া গেলে ১৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১০ দিনের অবকাশ উপভোগ করা যাবে।
সরকারি কর্মচারীদের জন্য এই দীর্ঘ ছুটি পারিবারিক পুনর্মিলন, সামাজিক সম্প্রীতি ও মানসিক প্রশান্তির সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত ছুটির সময়সূচি চাঁদ দেখার ওপর নির্ভরশীল থাকবে।