দেশের ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ
দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শফিকুল ইসলাম খান।
এ ছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার সিটি করপোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা ১ অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা নির্বাচিত পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা ৩ অনুযায়ী প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধিমোতাবেক ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন প্রশাসক নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোতে প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখা এবং সেবা কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।