ডিএনসিসির মেয়র পদে নির্বাচন করতে পারেন তাজুল ইসলাম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন করার বিষয়ে ভাবছেন সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে, তাকে প্রার্থী হিসেবে বিবেচনা করছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি।
সোমবার ২৩ ফেব্রুয়ারি সকালে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তাজুল ইসলাম এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় ছিলেন। পরে তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়ে রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চিফ প্রসিকিউটরের দায়িত্ব ছাড়ার পর তার সক্রিয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা জোরালো হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন ডিএনসিসির মেয়র পদে তাকে প্রার্থী করা হলে এবি পার্টি রাজনৈতিকভাবে একটি বার্তা দিতে চাইবে বলেও ধারণা করা হচ্ছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এবি পার্টি। দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
ডিএনসিসি নির্বাচনকে ঘিরে রাজধানীর রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নাম সামনে আসায় নির্বাচনী পরিবেশ আরও সক্রিয় হয়ে উঠছে।