প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার ২৩ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্বাচিত হওয়ায় চীনের প্রিমিয়ার লি কিয়াং ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত।
তিনি বলেন, এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। বিনিয়োগ বা তিস্তা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় এবং উন্নয়ন সহযোগী হিসেবে দুই দেশ কীভাবে কাজ করতে পারে, সে বিষয়ে মতবিনিময় হয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। সফরের সম্ভাব্য সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। উপদেষ্টা জানান, বিদেশ সফরের বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ারভুক্ত এবং অভ্যন্তরীণ অগ্রাধিকারসমূহ বিবেচনায় নিয়ে উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ ও চীনের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক দীর্ঘদিনের এবং সময়ের পরিক্রমায় তা আরও গভীর হয়েছে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে বিভিন্ন অবকাঠামো ও অর্থনৈতিক প্রকল্পে যুক্ত রয়েছে। ভবিষ্যতে সম্পর্ককে আরও জোরদার করা এবং পারস্পরিক স্বার্থ রক্ষায় নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়েও আলোচনা হয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, নিয়মিত উচ্চপর্যায়ের যোগাযোগ ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাংলাদেশ চীন সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। গঠনমূলক সংলাপই পারে উন্নয়ন ও কৌশলগত সহযোগিতার পথকে আরও সুদৃঢ় করতে।