ডাক টেলিযোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন রেহান আসিফ আসাদ
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রেহান আসিফ আসাদ।
রোববার ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে সংশ্লিষ্ট দপ্তর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি দায়িত্ব কার্যক্রম শুরু করেন।
দায়িত্ব গ্রহণের পর প্রথমে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে বিভাগের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে আগারগাঁওয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবনিযুক্ত উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলগুলোতে ধাপে ধাপে ফ্রি অথবা সহজলভ্য ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, সাইবার নিরাপত্তা জোরদার, ডেটা ব্যবস্থাপনা উন্নয়ন এবং প্রযুক্তিগত অবকাঠামো শক্তিশালী করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ফ্রিল্যান্সার ও তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক লেনদেন সহজ করতে পেমেন্ট গেটওয়ে সংক্রান্ত বিদ্যমান জটিলতা নিরসনের উদ্যোগ চলমান রয়েছে।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ ও ডিজিটাল অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের তরুণ প্রজন্ম ও উদ্যোক্তারা আরও বড় পরিসরে বৈশ্বিক বাজারে যুক্ত হতে পারবেন। টেকসই উন্নয়ন ও ডিজিটাল অগ্রগতির পথে সমন্বিত উদ্যোগই হতে পারে আগামী দিনের মূল শক্তি।