পাঞ্জাবে সীমান্ত চৌকিতে গুলিতে দুই ভারতীয় পুলিশ নিহত
ভারতের পাঞ্জাব রাজ্যে পাকিস্তান সীমান্তসংলগ্ন একটি নিরাপত্তা চৌকিতে গুলিবিদ্ধ হয়ে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।
রোববার ২২ ফেব্রুয়ারি গুরুদাসপুর জেলার দোরাংলা থানার অধীন আদিয়ান গ্রামে এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
নিহতরা হলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অশোক কুমার ও হেড কনস্টেবল গুরনাম সিং। তারা ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি একটি চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, চেকপোস্ট এলাকায় হঠাৎ গোলাগুলির শব্দ শোনা যায়। পরে অন্য নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুই সদস্যকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। দ্রুত গুরুদাসপুর সিভিল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। গুরুদাসপুরের সিনিয়র পুলিশ সুপার আদিত্য তদন্ত কার্যক্রম তদারকি করছেন। পুরো এলাকা ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলির খোসা ও অন্যান্য আলামত সংগ্রহ করেছেন। কোন দিক থেকে এবং কী ধরনের অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়েছে তা নিশ্চিতের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীর অভাবে ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। দুই সদস্যের মধ্যে অভ্যন্তরীণ কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে কিনা, নাকি তৃতীয় কোনো পক্ষ জড়িত ছিল, উভয় সম্ভাবনাই তদন্তে বিবেচনায় নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী হওয়ায় বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে দেখা হচ্ছে। ঘটনার পর সীমান্ত এলাকায় টহল বাড়ানো হয়েছে এবং অন্যান্য চৌকিকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায়, তদন্ত চলমান রয়েছে এবং যাচাই-বাছাই শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সীমান্তবর্তী অঞ্চলে দায়িত্ব পালনকারী সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।