শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতির সুযোগ নেই, কড়া বার্তা শিক্ষামন্ত্রীর
শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না এবং কাউকে দুর্নীতির সুযোগ দেওয়া হবে না।
রোববার ২২ ফেব্রুয়ারি সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষকদের ন্যায্য দাবি ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি জানান, শিক্ষকদের মূল্যায়ন, বেতন কাঠামো এবং অন্যান্য যৌক্তিক দাবির বিষয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে ঘনঘন মন্ত্রণালয়ে আসার প্রয়োজন হবে না, এমন একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে সমস্যাগুলোর সমাধান কাঠামোগতভাবেই সম্ভব হয়।
মতবিনিময় সভায় উপস্থিত শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তিনি জোর দিয়ে বলেন, শিক্ষাঙ্গনকে কোনোভাবেই রাজনৈতিক প্রভাবের আওতায় যেতে দেওয়া হবে না।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বিদ্যমান শিক্ষা ব্যবস্থার তিনটি ভিন্ন ধারার কারিকুলামের মধ্যে সমন্বয় আনার উদ্যোগ নেওয়া হবে, যাতে শিক্ষার মান ও সামঞ্জস্যতা বজায় থাকে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষা খাতে স্বচ্ছতা, ন্যায্যতা ও সমন্বিত নীতিমালা বাস্তবায়িত হলে শিক্ষার গুণগত মান বাড়বে এবং শিক্ষক সমাজের আস্থা সুদৃঢ় হবে। দুর্নীতিমুক্ত ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে উঠলেই ভবিষ্যৎ প্রজন্ম একটি শক্ত ভিতের ওপর দাঁড়াতে পারবে, আর সেই পথেই এগোতে চায় সরকার।