চরাঞ্চলে অর্গানিক কৃষির উদ্যোগ নেওয়ার আহ্বান কৃষিমন্ত্রীর
দেশের বিস্তীর্ণ চরাঞ্চলে অর্গানিক কৃষি কার্যক্রম শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী মোহাম্মদ আমীন উর রশীদ।
রোববার ২২ ফেব্রুয়ারি কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, দেশের চরাঞ্চলগুলোর মাটির গুণাগুণ অনেক ক্ষেত্রে কৃষির জন্য অনুকূল। এসব এলাকায় পরিকল্পিতভাবে রপ্তানিমুখী অর্গানিক ফসল উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলকভাবে শিল্পমাত্রায় কৃষিপণ্য রপ্তানি করতে হলে চরভিত্তিক কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে।
তিনি আরও বলেন, কৃষিখাতের শক্ত ভিত্তি গড়ে উঠলে জাতীয় অর্থনীতিও টেকসই হবে। এ লক্ষ্য সামনে রেখে কৃষি ব্যবস্থাপনাকে আধুনিক ও যুগোপযোগী করে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সারের ব্যবহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা, মাটির স্বাভাবিক উর্বরতা পুনরুদ্ধার, সেচব্যবস্থার উন্নয়ন এবং খাল খননের মতো কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার কথাও তুলে ধরেন তিনি।
মতবিনিময় সভায় কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, প্রকৃত কৃষকদের কাছে প্রণোদনা, কৃষিঋণ ও প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং সেবার আওতায় আনতে সরকার কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে।
সভায় সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষিখাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মতামত তুলে ধরেন।
কৃষি বিশেষজ্ঞরা মনে করেন, পরিকল্পিত উদ্যোগ, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা ও কৃষকবান্ধব নীতিমালার সমন্বয় ঘটলে চরাঞ্চল দেশের নতুন কৃষি সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। খাদ্যনিরাপত্তা ও রপ্তানি আয়ে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে অর্গানিক কৃষির প্রসার এখন সময়োপযোগী পদক্ষেপ। দেশের প্রতিটি উর্বর মাটি যেন হয়ে ওঠে সমৃদ্ধির প্রতীক, সেই প্রত্যাশাই সংশ্লিষ্ট সবার।