একুশের আলোক শিখা স্বাধীনতার পথ দেখিয়েছে: ত্রাণ মন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, একুশ আমাদের ভাবতে শেখায়, ভালোবাসতে শেখায় এবং ত্যাগের মহিমা শেখায়। একুশ মানে মাথা নত না করা, প্রতিবাদের উচ্চারণ এবং অধিকার আদায়ে আপোসহীন পথচলা। একুশের প্রজ্বলিত আলোক শিখা স্বাধীনতার পথ দেখিয়েছে।
শনিবার লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন, লালমনিরহাট আয়োজিত মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের দ্রোহ ও দাহে শাণিত প্রজন্ম নতুন চেতনার জন্ম দিয়েছে। সেই ধারাবাহিকতায় দেশের গণআন্দোলন ও গণঅভ্যুত্থান রাষ্ট্রগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমান নির্বাচিত সরকার সেই পথচলারই অংশ।
এইচ এম রকিব হায়দার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ও ভাষা সৈনিক আবদুল কাদের প্রমুখ।
আলোচনা সভায় ভাষা শহীদদের স্মরণে তাদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয় এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।