রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জন নিহত
রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর অঞ্চলে একটি বেসরকারি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর জানিয়েছে আনাদোলু।
সরকারি বিবৃতিতে জানানো হয়, রমনেনস্কি জেলার আকাশসীমায় উড়ার সময় একটি রবিনসন হেলিকপ্টার রাডার থেকে নিখোঁজ হয়ে যায়। পরে উদ্ধারকারী দল তল্লাশি অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থল শনাক্ত করে। সেখানে অভিযান পরিচালনা করে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
স্থানীয় সরকার নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। পূর্ব সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটর দপ্তর জানিয়েছে, হেলিকপ্টারটি নিহত পাইলটের মালিকানাধীন ছিল এবং তার উড়োজাহাজ পরিচালনার প্রয়োজনীয় অনুমতি ছিল না। এছাড়া হেলিকপ্টারটি যথাযথ প্রক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও ছিল না।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।