কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার
মধ্যপ্রাচ্যে সম্ভাব্য উত্তেজনা ও সংঘাতের আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নিউ ইয়র্ক টাইমস পেন্টাগন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কয়েকশ সেনা প্রত্যাহার করা হয়েছে। একইভাবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট থেকেও কিছু বাহিনী সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।
তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সেনারা এখনো অবস্থান করছেন।
বিশ্লেষকদের মতে, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এই পদক্ষেপকে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র কোনো সামরিক অভিযান চালালে তেহরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে অঞ্চলে মোতায়েন মার্কিন ঘাঁটি ও বাহিনীকে লক্ষ্যবস্তু করতে পারে।
বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের প্রধান সতর্কবার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ইরান আক্রান্ত হলে অঞ্চলে শত্রুবাহিনীর সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে।
পরিস্থিতির যেকোনো অনিয়ন্ত্রিত পরিণতির দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলেও ওই বার্তায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আল উদেইদ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করে এবং এটি অঞ্চলে মার্কিন বিমান অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র।