গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মানবে না হামাস
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীকে স্বাগত জানালেও অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
শুক্রবার সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বার্তা সংস্থা এএফপিকে বলেন, আন্তর্জাতিক বাহিনী যুদ্ধবিরতি পর্যবেক্ষণ ও বাস্তবায়ন নিশ্চিত করতে পারে, তবে গাজার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর উদ্যোগে শান্তি পর্ষদের উদ্বোধনী বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয় পাঁচটি দেশ।
বৈঠকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল জ্যাসপার জেফার্স জানান, ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া সেনা পাঠাবে। এছাড়া মিশর ও জর্ডান সরাসরি সেনা না পাঠিয়ে ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে।
হাজেম কাসেম বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে, বাস্তবায়ন নিশ্চিত করবে এবং দখলদার সেনাবাহিনী ও ফিলিস্তিনি জনগণের মধ্যে বাফার হিসেবে কাজ করবে, এমন প্রত্যাশাই তাদের।
আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী প্রায় ২০ হাজার সেনা এবং একটি নতুন পুলিশ কাঠামো গঠনের পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইন্দোনেশিয়া ইতোমধ্যে সীমিতসংখ্যক সেনা পাঠাতে প্রস্তুতির কথা জানিয়েছে।
গাজা পরিস্থিতি ঘিরে কূটনৈতিক তৎপরতা বাড়লেও আন্তর্জাতিক বাহিনীর ভূমিকা ও এখতিয়ার নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে।